কাজ করলে দোষ, না করলেও দোষ—তবু জনহিতকর কাজ চলবেই: ভালুকায় ইউএনও
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি—
ভালুকায় উন্নয়নের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহামুদ। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে তিনি আসন্ন ১০টি কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এবং সমালোচনাকারীদের প্রতি স্পষ্ট বক্তব্য রাখেন।
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহামুদ বলেন,“ফুটপাতের দোকান উচ্ছেদে জরিমানা করলে মানবিকতার দোহাই দেন, অটোরিকশা বা ভ্যানচালকদের নিয়ম মানাতে বলপ্রয়োগ করলে বলেন গরিবের পেটে লাথি মারছি। লিটার বন্ধ করতে গেলে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে, মিলকারখানা সচল রাখতে চাপ দিলে বলা হয় শিল্পের বেহাল দশা! অথচ সবাই ভ্যাটিকান সিটির মতো শহর চান। কাজ না করলে এক রকম দোষ, কাজ করলে আরেক রকম দোষ! তারপরও জনহিতকর কাজ চলমান থাকবে—তাতে যাদের অসুবিধা, তারা আপাতত চোখ বন্ধ রাখুন।”
আগামী সপ্তাহে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভার যৌথ উদ্যোগে যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে:
১) সীডস্টোর বাজারে উচ্ছেদ ও বাইপাস রাস্তা নির্মাণ।
২) মাস্টারবাড়ি বাজারে উচ্ছেদ ও বাইপাস রাস্তা নির্মাণ।
৩) আমতলি ডাম্পিং স্টেশনের রাস্তা নির্মাণ (এরপর পৌরসভার ময়লা সেখানে সরানো হবে)।
৪) মিনিপার্ক এমিউজমেন্ট পার্কের কাজের উদ্বোধন।
৫) মল্লিকবাড়ি টু ঘুনিরঘাট রাস্তা নির্মাণ।
৬) রোড আইল্যান্ডে ফোয়ারাসহ “আই লাভ ভালুকা” লেটারিং কাজের উদ্বোধন।
৭) গার্লস স্কুলের অভিভাবক ছাউনি উদ্বোধন।
৮) বাসস্ট্যান্ড ও পাচরাস্তার যানজট কমাতে পৌর পুলিশ মোতায়েন।
৯) গফরগাঁও রোডের মাথা থেকে যাত্রী ছাউনি পর্যন্ত বাইপাস নির্মাণ এবং সিএনজির জন্য ব্যারিকেড।
১০) বাসস্টপ স্থানান্তর করে যাত্রী ছাউনির পাশে স্থাপন।
উপজেলা প্রশাসনের কাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই প্রশাসনের কঠোর অবস্থানকে সমর্থন জানালেও, সমালোচনাকারীদের অভিযোগও কম নয়। তবে উন্নয়নের স্বার্থে প্রশাসনের এ পদক্ষেপ অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন তিনি।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































